বৈরী আবহাওয়া

এক ঘণ্টা পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু, বন্ধ লঞ্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ১৮ মার্চ ২০২৬
ঝড়ের কারণে বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে/ছবি: জাগো নিউজ

বৈরী আবহাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ঝড় থেমে যাওয়ার পর উত্তাল পদ্মা শান্ত হলে পুনরায় এই রুটে ফে‌রি চলাচল শু‌রু হয়।

এর আগে প্রচন্ড ঝড় ও বাতাসের কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ৯টার দিকে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল বন্ধ হয় রাত পৌনে ৮টা থেকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইড‌ব্লিউটি‌সি) দৌলত‌দিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হওয়ায় রাত ৯টা ৪৫ মি‌নিট থেকে পুনরায় ফে‌রি চলাচল শুরু করা হয়েছে। এই রুটে ছোট বড় ১৭টি ফে‌রি চলাচল করছে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে রাত পৌনে ৮টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলত‌দিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন।

আরইউআর/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।