ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তিনি উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
বুধবার (১৮ মার্চ) মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন উজ্জ্বল হোসেন। এ সময় ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন ফটিককারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন উজ্জ্বল।
জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় বুধবার দুপুরে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুর রহমান বলেন, সীমান্তে মাদক ও মানব পাচারের সঙ্গে উজ্জ্বল হোসেন জড়িত ছিল বলে গুঞ্জন রয়েছে। ঘটনার দিন সীমান্ত পার হয়ে ভারতে পারাপারের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, উজ্জ্বল হোসেন নামের একজন বিএসএফের গুলিতে আহত হয়েছেন বলে জেনেছি। বর্তমানে তিনি যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএইচএন/এমএমকে