দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৯ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের আকৃষ্ট করতে দিনাজপুরে বেকারি ও মিষ্টির দোকানগুলোতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে। লাচ্ছা সেমাই কিনলেই মিলছে লাকি কুপন। লটারির মাধ্যমে রয়েছে মোটরসাইকেল, ফ্রিজ, স্বর্ণের চেইনসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ। শহরের স্টেশন রোডে রোলেক্স বেকারি ও মিলেনিয়াম সুইটস এই ধামাকা অফার চালু করেছে, যা ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।

দিনাজপুরের জনপ্রিয় রোলেক্স বেকারি তাদের ৪২০ টাকা কেজির ১ কেজি প্রিমিয়াম লাচ্ছা সেমাইয়ের সঙ্গে এই বিশেষ লটারি অফার ঘোষণা করেছে। প্রতি এক কেজি প্রিমিয়াম লাচ্ছা সেমাই কিনলে ক্রেতারা একটি লাকি কুপন পাচ্ছেন। এই কুপনের মাধ্যমে লটারিতে অংশ নিয়ে তারা জিতে নিতে পারবেন ২৫টি আকর্ষণীয় পুরস্কার।

পুরস্কারের তালিকায় রয়েছে সুজুকি জিক্সার মনোটোন মোটরসাইকেল, ফ্রিজ, স্বর্ণের চেইন, অ্যান্ড্রয়েড ফোন, বেবি কার, এলিইডি স্মার্ট টিভিসহ ২৫টি আকর্ষণীয় পুরস্কার। এতে করে তাদের লাচ্ছা সেমাই বিক্রি বেড়ে গেছে। অনেকে একাধিকবার সেমাই কিনে একাধিক কুপন সংগ্রহ করে স্বচ্ছ বাক্সে ফেলছেন। ঈদের তৃতীয়দিন বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ড্র অনুষ্ঠিত হবে।

শহরের উপশহর থেকে লাচ্ছা সেমাই কিনতে আসা শরিফুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ঈদুল ফিতরকে আমাদের দেশের মানুষ সেমাই ঈদ বলে থাকে। এই ঈদে সকালে রান্না করা সেমাই দিয়ে মিষ্টি মুখ করে মানুষ ঈদের নামাজ পড়তে যায়। তাই সেমাই লাগবেই। আর সেই সেমাই কিনতে এসে কুপন পাচ্ছি। যদি ভাগ্যে থাকে তাহলে হয়ত পেয়েও যেতে পারি মোটরসাইকেল কিংবা ফ্রিজ।

দিনাজপুরে লাচ্ছা সেমাই কিনলেই লটারি অফার, রয়েছে বাইক জেতার সুযোগ

বালুয়া ডাঙ্গা থেকে সেমাই কিনতে আসা ফারুক-রিপা মনি দম্পতি বলেন, রোলেক্স বেকারি থেকে দুই কেজি লাচ্ছা নিয়ে দুটি কুপন পেয়েছি। তাতে আমরা মোবাইল নম্বর দিয়ে স্বচ্ছ বাক্সে ফেলেছি। দেখা যাক ভাগ্যে যদি লাগে কোনো পুরস্কার।

এ ব্যাপারে জানতে চাইলে রোলেক্স বেকারির স্বত্বাধিকারী শফিউল্লাহ খান শুকলা জানান, ৫১ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এই অফারটি ঈদে সেমাই কেনা কাটায় নতুন মাত্রা যোগ করেছে। ক্রেতারা সুস্বাদু লাচ্ছা সেমাই কিনছেন, একইসঙ্গে তাদের ভাগ্যের চাকা ঘোরানোর সুযোগও পাচ্ছেন।

পাশে আরেকটি মিষ্টির দোকান মিলেনিয়াম সুইটসেও একই ধরনের অফার দেওয়া হয়েছে। তারাও ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, রাইসকুকারসহ ২৫টি আকর্ষণীয় পুরস্কার দিচ্ছে।

আলী হোসেন নামে এক ক্রেতা বলেন, এই ধরনের অফার নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই লাচ্ছা সেমাই কেনার পাশাপাশি লটারির মাধ্যমে পুরস্কার জেতার আশায় বাড়তি আগ্রহ দেখাচ্ছেন। এটি কেবল বেকারিগুলোর বিক্রি বাড়াচ্ছে না, বরং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলছে। ঈদের তৃতীয় দিন ড্র অনুষ্ঠিত হবে বলে প্রচার চালানো হচ্ছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।