বিটিভিকে জনগণের আস্থাভাজন করা এখন চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১৯ মার্চ ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশ টেলিভিশন এত বড় একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা একেবারেই নাই। আমার জন্য একটা চ্যালেঞ্জ বিটিভিকে জনগণের আস্থাভাজন সম্প্রচার মাধ্যমে হিসেবে প্রতিষ্ঠা করা। আপনারা দোয়া করবেন বিটিভিকে যেন জনগণের আস্থার জায়গায় নিয়ে আসতে পারি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নিজ নির্বাচনি এলাকা বরিশালের গৌরনদী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি আপ্রাণ চেষ্টা করছি এই মন্ত্রণালয়কে সময়োপযোগী হিসেবে দাঁড় করানোর জন্য। ইতোমধ্যে মন্ত্রণালয়ের সবাইকে সঙ্গে নিয়ে মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছি।

তথ্যমন্ত্রী আরও বলেন, আমরা নির্বাচনি সময়ে ওয়াদা করেছিলাম গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করবো। সে লক্ষ্যে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। বিটিভি এবং বাংলাদেশ রেডিওকে কীভাবে সময়োপযোগী করা যায় এবং সরকারের লক্ষ্যের সঙ্গে মিলিয়ে কতটা স্বায়ত্তশাসন দেওয়া যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, বরিশাল-১ আসনে বিএনপির নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর বরিশাল জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

শাওন খান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।