কুষ্টিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২১ মার্চ ২০২৬

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-সমন্বয়কারী ইবাদত আলী ও কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনকে এ নোটিশ দেন।

দলটির কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে দুই নেতার বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত চালের অর্থ আত্মসাৎ এবং নির্বাচনি সময়ে দলীয় নীতিমালা লঙ্ঘন করে অন্য রাজনৈতিক দলের নিকট থেকে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ উল্লেখ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত নেতাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে কুমারখালী উপজেলার প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, শোকজ নোটিশ পেয়েছি। আমি আমার ব্যাখা দিয়ে দিবো।

এ বিষয়ে জেলার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা বিষয়গুলো জানতে পেরেছি। দলের স্বচ্ছতার ভিত্তিতে ওই দুজনকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। আর যদি প্রমাণ না করতে পারে তাহলে আমরা বিষয়টি কেন্দ্রকে জানাবো। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আল-মামুন সাগর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।