ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২১ মার্চ ২০২৬

পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন থেকেই পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠেছে পাহাড়ি কন্যা খাগড়াছড়ি। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ থেকে শুরু করে রিছাং ঝরনা—সবখানেই এখন উৎসবের আমেজ।

শনিবার (২১ মার্চ) জেলার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে এমনই চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরনা এবং সাজেক রোডের দীঘিনালার নকশী পল্লী, ঝুমঘরসহ জেলা উপজেলার বিভিন্ন স্থানে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে আসা মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত পর্যটকেরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করে মুগ্ধতা প্রকাশ করছেন।

ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র

এদিন দুপুরের পর থেকে বিনোদন কেন্দ্রগুলোতে শিশুদের উপস্থিতি আরও বাড়তে থাকে। বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে তারা। ঈদের আনন্দ পরিবারসহ ভাগাভাগি করতে পেরে খুশি কোমলমতি শিশুরা।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক প্রান্ত দেব বলেন, ঈদের ছুটি পেয়ে পরিবার নিয়ে খাগড়াছড়ি এসেছি। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। বিশেষ করে আলুটিলা সুড়ঙ্গ আর জেলা পরিষদ পার্কগুলো অসাধারণ লেগেছে।

চট্টগ্রাম থেকে আসা মৌমিতা বলেন, ঈদের পরে পর্যটন কেন্দ্রে খুবই ভিড় থাকে তাই গতকাল খাগড়াছড়িতে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছি। এখানে পরিবেশ খুব সুন্দর। বাচ্চারা রাইডে চড়ে অনেক আনন্দ করছে। ঈদের ছুটিটা দারুণ কাটছে।

ঈদের প্রথম দিনেই পর্যটকদের পদভারে মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র

স্থানীয় একজন হোটেল ব্যবসায়ী জানান, ঈদের প্রথম দিন থেকেই পর্যটকদের চাপ বেড়েছে। এতে আমাদের ব্যবসা ভালো হচ্ছে। আশা করছি ছুটির বাকি দিনগুলোতেও এমন ভিড় থাকবে।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রবীর সুমন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।