বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আর নেই

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৩ মার্চ ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ মার্চ) বাদ আসর রফিকুল ইসলাম মহিলা কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রফিকুল ইসলাম সকালে ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর সংবাদে ভৈরবে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে রফিকুল ইসলামের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ভৈরব পৌর শহরের ভৈরবপুরে রমজান আলী মিয়ার বাড়ির বাসিন্দা। বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ভৈরব এলাকায় শিক্ষা বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৭ সালে নিজের দুই একর জমির ওপর তার নামে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটিতে বর্তমানে প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে।
এর আগে ১৯৮২ সালে দাদা-দাদির নামে ফাতেমা রমজান প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরে ‘হালিমা সাদিয়া মাদরাসা’ নামে একটি মহিলা মাদারাসা প্রতিষ্ঠা করেন। এ ছাড়া ভৈরবের একাধিক প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার প্রতিষ্ঠার সঙ্গে তার প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল।

রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভৈরবসহ পাশের কয়েকটি জেলার নারী শিক্ষার অন্যতম অগ্রদূত ছিলেন তিনি। একজন নিবেদিতপ্রাণ শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক ছিলেন রফিকুল ইসলাম। তিনি মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

রাজীবুল হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।