মন্ত্রীর কাছে নালিশ, যুবকের রগ কাটলেন বহিষ্কৃত যুবদল নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২১ মার্চ ২০২৬

 

লক্ষ্মীপুরে পানিসম্পদ মন্ত্রীর কাছে নালিশ করায় ক্ষিপ্ত হয়ে আরমান হোসেন সুজন (৩১) নামে এক যুবকের পায়ের রগ কাটার অভিযোগ উঠেছে। সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবির এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি ভুক্তভোগীর।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুজনের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে রাত পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

আরমান নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযুক্ত হুমায়ুন একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। হুমায়ুনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৭ আগস্ট ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করে জেলা যুবদল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সঙ্গে আরমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হুমায়ুন তাকে মারধর করেন। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দকে জানালে তারা আরমানকে আইনের আশ্রয় নিতে বলেন। পরে আরমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দু’দিন পর হুমায়ুন দ্বিতীয় দফায় তাকে মারধর করেন। ঘটনাটি শুক্রবার (২০ মার্চ) সকালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানান ভুক্তভোগী আরমান।

আরমানের স্বজনরা জানান, থানায় অভিযোগ এবং মন্ত্রীকে বিষয়টি জানানের কারণে হুমায়ুন আরও ক্ষিপ্ত হন। ঘটনার সময় হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন লোক আরমানের ওপর পুনরায় হামলা করে। হামলাকারীরা তাকে ইট দিয়ে পায়ে আঘাত করে এবং ছুরি দিয়ে ডান পায়ে আঘাত করে। এতে তার পায়ের রগ কেটে যায়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর হওয়ায় নোয়াখালীর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বলেন, আরমান ও হুমায়ুনের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। গাছের ডালপালা নিয়ে বিরোধ হলে হুমায়ুনের বিরুদ্ধে আরমান থানায় অভিযোগ করেন। পরে হুমায়ুন জানিয়েছেন আরমান নাকি তাকে মারধর করেছেন। এখন আবার হুমায়ুন তার ওপর হামলা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কাজল কায়েস/এফএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।