দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৫ মার্চ ২০২৬

রংপুরে এক আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীকে উদ্দেশ করে মাত্র দুই মিনিটের বক্তব্যে ৫০ বারেরও বেশি ‘স্যার’ সম্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) এনামুল আহসান। এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

ভিডিওতে দেখা যায়, ‘সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় মাত্র দুই মিনিটের বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে উদ্দেশ করে ৫০ বারেরও বেশি ‘স্যার’ সম্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক এনামুল আহসান।

জেলা প্রশাসকের দেওয়া ওই বক্তব্যে তিনি মন্ত্রীর কাছে রংপুরের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও উন্নয়ন স্বার্থে নানা প্রকল্প প্রস্তাবনার কথা বলছেন। এসময় প্রতিটি বাক্যে কয়েকবার করে তিনি ‘স্যার’ সম্বোধন করছেন। জেলা প্রশাসকের এত সংক্ষিপ্ত বক্তব্যে বারবার ‘স্যার’ সম্বোধন করা নিয়ে সভায় উপস্থিত অনেকে বিরক্ত হয়েছেন।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এছাড়াও সভায় নীলফামারী ও গাইবান্ধা জেলার সংসদ সদস্যরা, রংপুর রেঞ্জের ডিআইজি, রাজনৈতিক নেতারা, ব্যবসায়ী প্রতিনিধি, উদ্যোক্তা, সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।