৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চট্টলা এক্সপ্রেসের আগুন, পুড়ে গেছে ২ বগি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৬ মার্চ ২০২৬

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে লাগা আগুন প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ও কুমিরা সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগে ট্রেনের অক্ষত বগিগুলো ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও পাশের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুনের লেলিহান শিখায় তা ছড়িয়ে পড়ে। এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, প্রথমে আগুন লেগেছে পাওয়ার কারে। সেখান থেকেই অপর একটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে তার আগেই ওই বগি থেকে যাত্রীরা বের হয়ে পড়ে। ভাগ্যক্রমে এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো ট্রেন থেকে আলাদা করা হয়েছে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।