বান্দরবানের সরকারি সব পর্যটনকেন্দ্র শিশুদের জন্য উন্মুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৪২ এএম, ২৭ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্র দুদিন ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশাধিকার উন্মুক্ত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলা প্রশাসনের ফেসবুক অ্যাকাউন্টে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ ও ২৮ মার্চ বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রসমূহ— নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেকে ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে ২৬ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে এদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত জাদুঘর ও বিনোদন কেন্দ্রগুলোতে বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত করতে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জেলা প্রশাসন। তবে কাগজে-কলমে এ প্রজ্ঞাপন জারি করা হলেও বাস্তবে সেটি মানা হয়নি। শিশুদের জন্যও বাধ্যতামূলকভাবে টিকিট নিতে হয়েছে বান্দরবান শিশুপার্কসহ খোদ জেলা প্রশাসন পরিচালিত পর্যটন কেন্দ্রগুলোতে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, জেলার সব বিনোদন কেন্দ্রে শিশুদের জন্য উন্মুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া ছিল। যেহেতু এদিনে বিষয়টি কার্যকর হয়নি, ফলে ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত করা হবে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।