জ্বালানি সংকট

গাড়ি না পেয়ে ইজিবাইকে বিয়ে করতে গেলেন বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৭ মার্চ ২০২৬
ছবি-ভিডিও থেকে নেওয়া

কনের বাড়ি প্রায় ২৫ কিলোমিটার দূরে। পাহাড়ি উঁচু-নিচু পথ। জ্বালানি সংকটে পাননি কোনো গাড়ি। যে কয়েকটি পেয়েছেন ভাড়া চায় তিনগুণ। এ অবস্থায় ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে বিয়ে করতে গেছেন শাহিন আলম নামের এক যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শাহিন আলম খাগড়াছড়ির দীঘিনালার বাসিন্দা। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় তিনি দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকা থেকে খাগড়াছড়ি সদর উপজেলার শালবন এলাকায় বিয়ের উদ্দেশে রওনা হন। জ্বালানি সংকটের কারণে কোনো যানবাহন না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইজিবাইক বেছে নেন তিনি।

বরের সঙ্গে থাকা সহযাত্রী মো. আমির হোসেন বলেন, ‌‘অনেক চেষ্টা করেও গাড়ি জোগাড় করতে পারিনি। গতকাল একটি গাড়ি পেলেও তেল না পাওয়ার অজুহাতে দুই হাজার টাকার ভাড়া ছয় হাজার টাকা দাবি করা হয়। আমরা গরিব মানুষ। এত টাকা দিয়ে গাড়ি ভাড়া করা সম্ভব না। তাই কয়েকটি অটোরিকশা নিয়ে মাত্র ১৫ জন বরযাত্রী নিয়ে ইজিবাইকেই যাচ্ছি।’

বর শাহিন আলম বলেন, ‘বাজারে তেলের সংকট থাকায় অনেক চেষ্টা করেও কোনো গাড়ি পাইনি। তাই বাধ্য হয়ে ইজিবাইক নিয়ে বিয়ের উদ্দেশে রওনা হয়েছি।’

গাড়ি না পেয়ে ইজিবাইকে ২৫ কিমি দূরে বিয়ে করতে গেলেন বর

ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর খাগড়াছড়িতে হঠাৎ জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। কোথাও কোথাও রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় চাহিদা মেটানো কঠিন হয়ে পড়েছে।

মেসার্স মেহেরুন্নেছা ফিলিং স্টেশনের ম্যানেজার প্রবীর কুমার দাশ বলেন, দৈনন্দিন চাহিদার তেলই পাচ্ছি না, তার ওপর ঈদের বাড়তি চাপ পরিস্থিতি আরও জটিল করেছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার দিপক কুমার শীল বলেন, ঈদের অতিরিক্ত চাপ এবং অনেকের অতিরিক্ত তেল মজুতের প্রবণতার কারণে পাম্পগুলোতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা এখন অনেকটাই শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে সংকট কমে যাবে।

প্রবীর সুমন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।