খুব শিগগির উপজেলা-পৌরসভায় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৫ মার্চ ২০২৬

উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা নেই। দ্রুত এসব প্রতিষ্ঠানে নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নে একটি ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পৌরসভা ও উপজেলা পরিষদে নতুন করে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে যেসব স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) ও ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেখানে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন।

তিনি বলেন, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি অ্যাপ্রোচ সড়ক না থাকায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সোত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত সমস্যার সমাধানে কাজ করবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসক আবু সালেহ মুসাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সোহান মাহমুদ/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।