যশোরে গুদামে লুকানো ১৮০০ লিটার জ্বালানি তেল-মবিল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২০ এএম, ২৯ মার্চ ২০২৬

যশোরের মণিরামপুরে অননুমোদিত তেল বিক্রেতার গুদাম থেকে প্রায় ১৮০০ লিটার জ্বালানি তেল ও মবিল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এরমধ্যে ৯০৫ লিটার ডিজেল ও পেট্রোল, ৮৫০ লিটার মবিল (লুব্রিকেন্ট), হাইড্রলিক ওয়েল ২২ লিটার ও গিয়ার ওয়েল ২০ লিটার।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনিরামপুর উপজেলার খেদাপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব জ্বালানি জব্দ করেন। ওই বাজারের তবিবর রহমান নামে এক ব্যবসায়ী নিজের ও পাশের ধান ব্যবসায়ী গোবিন্দ দাসের ধানের গুদামে এসব জ্বালানি অবৈধভাবে মজুত করে রাখেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন বলেন, ‘শনিবার আমরা খবর পাই খেদাপাড়া বাজারে ধানের গুদামে প্লাস্টিকের এক ড্রাম তেল মজুত করা আছে। এই খবরের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গেলে তেলের মূল মালিক তবিবরকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তবিবরের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়।’

যশোরে গুদামে লুকানো ১৮০০ লিটার জ্বালানি তেল-মবিল জব্দ

তিনি বলেন, জব্দকৃত জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল ৭৭৫ লিটার, পেট্রোল ১৩০ লিটার, মবিল ৮৫০ লিটার, হাইড্রলিক ওয়েল ২২ লিটার, গিয়ার ওয়েল ২০ লিটার। লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুতকারী তবিবুর রহমান পলাতক থাকায় তাকে গ্রেফতার সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল মণিরামপুর উপজেলার গোহাটা মোড়ের জিএন ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়৷

স্থানীয়রা জানান, খেদাপাড়া বাজারের জ্বালানি তেল বিক্রেতা তবিবরের সঙ্গে ওই বাজারের ধানের আড়তদার গোবিন্দের ভালো সম্পর্ক। তার আড়তে খালি তেলের ব্যারেল রাখতেন তবিবর। শনিবার সকালে গোবিন্দের আড়তে ধানের নিচ থেকে বাজারের লোকজন এক ব্যারেল অকটেন উদ্ধার করে প্রশাসনকে খবর দেয়। এরপর বিকেলে এসিল্যান্ড এসে তবিবরের দোকানে অভিযান চালিয়ে আরও তেল জব্দ করে। আমরা তার দোকানে তেলের জন্য গেলে নেই বলে ফিরিয়ে দিতেন। পরে গোপনে তবিবর ১৮০-২০০ টাকা লিটারে পেট্রোল বিক্রি করতেন।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।