চাহিদা মতো তেল না পেয়ে পাম্প কর্মচারীদের মারধর করলেন ছাত্রদল নেতারা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৯ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাহিদা মাফিক জ্বালানি তেল না পেয়ে পেট্রোল পাম্পের স্টাফদের মারধর ও টাকা না দিয়ে তেল নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয় মালিকপক্ষ।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হাসান সোহান ঘটনাস্থলে গিয়ে ফিলিং স্টেশনে তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক করেন।

এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।

এর আগে শুক্রবার রাতে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের সহযোগী গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০-১২টি মোটরসাইকেলে করে ১৫-১৬ জন যুবক ফিলিং স্টেশনে প্রবেশ করেন। এসময় তারা তাদের মোটরসাইকেলে চাহিদামতো অকটেন দিতে বলেন। কর্তৃপক্ষ এতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার লোকজন উত্তেজিত হয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করেন।

একপর্যায়ে তারা জোরপূর্বক মোটরসাইকেলে অকটেন নিয়ে টাকা না দিয়ে চলে যান। পরে কর্তৃপক্ষ ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়েন।

ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকারি নিয়ম অনুযায়ী তারা মোটরসাইকেল ও প্রাইভেটকারে অকটেন সরবরাহ করে আসছেন। চাহিদা অনুযায়ী তেল না দেওয়ায় আমাকেসহ ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্লাহ ও সোহাগকে মারধর করে। একপর্যায়ে তারা জোরপূর্বক মোটরসাইকেলে তেল ভরে টাকা না দিয়েই চলে যায়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হাসান সোহান বলেন, ফিলিং স্টেশন বন্ধ থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেটি পুনরায় চালু করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করবে ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হুদা/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।