তেল না দেওয়ায় ক্ষোভ

নড়াইলে ম্যানেজারকে ‌‘হত্যা’র ঘটনায় সব পাম্প বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২৬
ইনসেটে নিহত নাহিদ সরদার

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে (৩৩) হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু।

তিনি বলেন, তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদকে হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নড়াইলে ম্যানেজারকে ‌‘হত্যা’র ঘটনায় সব পাম্প বন্ধ

এর আগে শনিবার (২৮ মার্চ) দিনগত রাত ২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: তেল না পেয়ে পাম্পের ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা

নিহত নাহিদ পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। এসময় নাহিদের সঙ্গী চামরুল গ্রামের জিহাদ মোল্যাকেও (২৭) ট্রাকচাপায় দিয়ে পা ভেঙে দেওয়া হয়েছে। জিহাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিহাদ চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

ঘটনার পর থেকে ট্রাকচালক সুজাত মোল্যা ট্রাকসহ পালিয়ে গেছেন। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘর তালাবদ্ধ রয়েছে।

তেল পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে তেল না পেয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। এসময় পাম্প থেকে ট্রাক চালিয়ে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান সুজাত।

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী বলেন, নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক পলাতক রয়েছেন। তবে, রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির বলেন, অভিযুক্ত চালককে ধরতে প্রশাসন কাজ করছে। পাম্পের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

হাফিজুল নিলু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।