হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুর বয়স ৬ মাসের নিচে: রামেক চিকিৎসক
হামে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। ছয় মাসের নিচে শিশু আকান্তের হার ৬৫ শতাংশ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন এ কথা বলেন।
তিনি বলেন, ‘হামের উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালে মোট ২৭০ শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো শিশু মারা যায়নি।’
আরও পড়ুন: রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
ডা. সাহিদা ইয়াসমিন আরও বলেন, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ছয় মাসের নিচে। যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।
এ বিষয়ে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, রাজশাহী জেলায় ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মূলত যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স ৬ থেকে ৯ মাস। কিন্তু হামের টিকা দেওয়া হয় ১০ থেকে ১৫ মাসে। ফলে যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই আনভ্যাকসিনেটেড বা টিকা না নেওয়া শিশু।
সাখাওয়াত হোসেন/এসআর/জেআইএম