কুমিল্লায় গাড়ি চাপায় প্রাণ হারালেন দুই অটোরিকশা চালক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৫০ এএম, ০১ এপ্রিল ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে গাড়ি চাপায় দুই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন।

বুধবার (১ এপ্রিল) ভোররাতে উপজেলার কানড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন- উপজেলার সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুইজনই পেশায় অটোরিকশা চালক।

অন্যদিকে আহতরা হলেন- একই এলাকার মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০), ইসমাইল (৩৭), মো. সাগর মিয়া (৩৫)।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, সিএনজি চালিত একটি অটোরিকশাযোগে চালকসহ তারা ৬ জন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়িটি উল্টো পথে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ঘটনাস্থলে দুই জন নিহত হয়। আহত হন চার জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, তারা একটা সিএনজি ভাড়া নিয়ে মতলব বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার স্থলেই দুই জন নিহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজন ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।