ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তেলের মজুত থাকতেও ক্রেতাদের কাছে বিক্রি না করায় ‘সুগন্ধা ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটিতে পেট্রোলের মজুত থাকা সত্ত্বেও সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল না, যা ভোক্তা অধিকার পরিপন্থি। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্টেশনটিতে অভিযান চালানো হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, রোববার (২৯ মার্চ) বিকেলে কয়েকটি ফিলিং স্টেশনে তেল না থাকার অভিযোগ পাওয়া যায়। তবে বাস্তবে কিছু স্টেশনে তেল মজুত রেখে বিক্রি না করার বিষয়টি ধরা পড়ে।
তিনি আরও বলেন, অভিযোগের সত্যতা পেয়ে সুগন্ধা ফিলিং স্টেশনের ম্যানেজার শাহাদত হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এন কে বি নয়ন/এসএএইচ