গাজীপুরে তিন ফিলিং স্টেশন মালিককে জরিমানা
গাজীপুর মহানগরের পূবাইল, বাসন ও ভূরুলিয়া এলাকায় জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা, কাগজপত্রে ত্রুটিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি ফিলিং স্টেশন মালিককে পৃথকভাবে মোট ৮২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পূবাইল থানাধীন তুরাগ ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১ এপ্রিল ) দুপুরে অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারিয়া তাসনিম।
এছাড়া একই দিন মহানগরের বাসন থানার হক মার্কেট এলাকায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যতীত পরিমাপ যন্ত্র ব্যবহার করার অভিযোগে মেসার্স বাবুল টেলিকমকে ১২ হাজার টাকা জমিমানা করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার।

এদিকে একই দিনে কাগজপত্র ত্রুটি থাকায় শহরের ভূরুলিয়া মারকাস রোড এলাকার মেসার্স মাহির এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে এনএসআই, বিজিবি ও গাজীপুর জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার ফারিয়া তাসনিম বলেন, পূবাইলের মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে তেল মজুতের অপরাধে ওই ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম