কৃষিজমির মাটি কেটে বিক্রি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

যশোরের অভয়নগরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে চারজনকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপিল) ও শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার প্রেমবাগ ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, শনিবার দুপুরে প্রেমবাগ ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় কৃষিজমি থেকে প্রকাশ্যে মাটি কাটার দায়ে প্রেমবাগ গ্রামের রওশন আলীর ছেলে শাহীন আলম, একই ইউনিয়নের পালপাড়া গ্রামের আব্দুল্লাহ মোল্যার ছেলে ওসমান মোল্যা ও চুয়াডাঙ্গা জীবননগরের রেজাউলের ছেলে রিফাতকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শুক্রবার সকালে একই অপরাধে প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের মৃত গোলাম নবী বিশ্বাসের ছেলে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে শনিবার এক মামলায় তিনজনকে ৬০ হাজার টাকা এবং শুক্রবার অপর এক মামলায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পৃথক দুই মামলায় এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মিলন রহমান/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।