কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী দিনে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে। কিভাবে করবো আমি? সার্কুলার দেবো না, আইন করে বন্ধ করবো না। অটো বন্ধ করবো। আপিনি (শিক্ষক) আপনার শিক্ষার্থীদের চিহ্নিত করবেন, কে কোনো বিষয়ে দুর্বল। আপনি আপনার প্রতিষ্ঠানে তাদেরকে প্রাইভেট, কোচিং করাবেন। সেই ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে অতিরিক্ত চার্জ নিতে পারেন। এ চার্জটা আপনারা সকলে মিলে ভাগ করে নিতে পারেন। এমনকি দপ্তরিকেও দিবেন।
তিনি আরও বলেন, সব কিছুরই লাইসেন্স সিস্টেম আছে। কিন্ত ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার করবেন আর গ্যারেজে বসে ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন করবেন এগুলি কি সরকারের অধিনে আসতে হবে না? আস্তে আস্তে আসবে। সবে মাত্র আমাদের যাত্রা শুরু।
শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সময়মতো পাঠদানে ক্লাস রুমে উপস্থিত থাকেন কি না সেটি সিসি ক্যামেরায় রেকর্ড রাখা হবে। পরীক্ষা চলাকালে কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে ওই কেন্দ্রের সচিবকে আইনের আওতায় আনা হবে। এমনকি প্রতিষ্ঠানের বাথরুমেও যদি কোনো নকল পাওয়া যায় তার জন্যও কেন্দ্র সচিবকে জবাবদিহি করতে হবে। পরীক্ষার্থীদের আধাঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর ছেলে-মেয়ে সবাইকে অবশ্যই চেক করে রুমে প্রবেশের অনুমতি দিতে হবে। মেয়েদের জন্য আলাদা চেকিংয়ের ব্যবস্থা করতে হবে। এ সময় শিক্ষার্থীদের মায়ের চিঠিও সঙ্গে রাখতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, কেন্দ্রের বাইরে থেকে কেউ নকলে সহযোগিতা করলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। কাউকে নকল করতে দেওয়া হবে না, নকলের সহযোগিতাও করতে দেওয়া হবে না।
জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস