বরগুনায় ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

বরগুনার পাথরঘাটার একটি গোডাউন থেকে মজুত করা ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও সরকারি মূল্যে ডিজেল বিক্রির আদেশ দেয়া হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে পাথরঘাটা উপজেলার বিএফডিসি সংলগ্ন স্লুইস গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলায় ডিজেলের কৃত্রিম সংকট দেখিয়ে ব্যারেল প্রতি দুই থেকে পাঁচ হাজার টাকা বেশি নেওয়ায় অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে এনএসআই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে পদ্মা অয়েল কোম্পানির এজেন্ট মো. আব্দুল্লাহর মালিকানাধীন মেসার্স গাজী স্টোরের গোডাউনে ১৯০ ব্যারেল ডিজেল মজুদের সন্ধান পায়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী আব্দুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দ করা ডিজেল সরকারি মূল্যে জেলেদের মধ্যে বিক্রির নির্দেশ দেয়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের সংকট শুরুর সঙ্গে সঙ্গে পাথরঘাটায় মজুতদার এবং মজুতের পরিমাণ বাড়তে থাকে। এখানে হাজার হাজার জেলে ও শত শত মাছ ধরার ট্রলার রয়েছে। আকৃতি ভেদে এক একটি ট্রলারে দুই থেকে ২০ ব্যারেল পর্যন্ত ডিজেল দরকার। কিন্তু পর্যাপ্ত মজুত থাকার পরও ব্যারেল প্রতি দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেশি দামে ডিজেল বিক্রি করা হতো। এতে জেলেরা বিপাকে পড়ে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জাগো নিউজকে বলেন, পাথরঘাটায় অভিযান পরিচালনা করে ৩৮ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে অবৈধভাবে মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও জব্দর হওয়া ডিজেল সরকারি মূল্যে জেলেদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

নুরুল আহাদ অনিক/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।