পুলিশের তৎপরতায় বাবা-মায়ের কোলে ফিরলো পথ হারানো শিশু
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড় এলাকা থেকে ৪ বছর বয়সি এক শিশুকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। পথ হারানো শিশুটি অবশেষে বাবা-মায়ের কাছে ফিরেছে।
শনিবার (৪ এপ্রিল) দিনগত রাতে কোতোয়ালি থানা থেকে তার বাবা মো. রিপন ছেলেটিকে বাড়িতে নিয়ে যান। এর আগে শনিবার দুপুরে শিশুটিকে শহরে একা একা ঘোরাফেরা করতে দেখে কোতোয়ালি থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তখন শিশুটি তার নাম, বাবা ও মায়ের নাম কিংবা বাড়ির ঠিকানা কিছুই বলতে পারছিল না। তবে শিশুটি তার বাবা-মায়ের কাছে ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়ে।
পুলিশ জানায়, শিশুটিকে খুঁজে পেয়ে থানায় নিয়ে আসা হয়। পরে তার প্রকৃত পরিচয় শনাক্ত করতে এবং পরিবারের সদস্যদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে অনেকেই তার পরিবারের সন্ধান পেতে পোস্ট করেন। পরে শিশুটির বাবা মো. রিপন খোঁজ পেয়ে থানা থেকে তার ছেলেকে নিয়ে যান।
শিশুটির বাবা মো. রিপন বলেন, তিনি শহরের একটি বিরিয়ানির দোকানে চাকরি করেন। দুপুরে শহরের পাকিস্তান পাড়ার বাসা থেকে বের হলে শিশুটি তার পিছু নেয়। কিন্তু বাবা তা খেয়াল না করায় এক পর্যায়ে শিশুটি হারিয়ে যায়। ভয়ে নাম ঠিকানা ভুলে যায়। খবর পেয়ে শিশুটিকে থানা থেকে তথ্য প্রমাণের ভিত্তিতে বাড়িতে নিয়ে এসেছি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে তথ্য প্রমাণের ভিত্তিতে তার বাবার কাছে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম