খুলনায় ঝড়ে নৌকাডুবিতে দুই জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৮ এপ্রিল ২০২৬

খুলনার কয়রা উপজেলায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ হয়েছেন। এসময় একজন জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামসংলগ্ন শাকবাড়িয়া নদীর মাঝখানে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ জেলেরা হলেন- বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের মৃত শুধির মৃধার ছেলে উপেন মৃধা (৫০) ও মৃত ধোনা মণ্ডলের ছেলে মুকেন্দ মণ্ডল (৪২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে তিন জেলে শাকবাড়িয়া নদীতে মাছ ও কাঁকড়া ধরতে যান। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে তাদের নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বিপুল রায় (৩৫) সাঁতরে তীরে উঠলেও অন্য দুই জেলে নদীতে তলিয়ে যান।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

আরিফুর রহমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।