পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জ্বালানি তেল জব্দ করা হয়।

জানা গেছে, নীলফামারী সিপিসি-২, র‌্যাব-১৩ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে একটি আভিযানিক দল বাস টার্মিনাল সংলগ্ন রায়হানুল ইসলামের গুদামে হানা দেয়। এসময় সেখানে অবৈধভাবে মজুত রাখা ১২০০ লিটার পেট্রোল পাওয়া যায়।

রায়হানুল ইসলাম হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধ মজুতের দায়ে গুদাম মালিক রায়হানুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

র‌্যাব জানায়, জনস্বার্থে এবং জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমদাদুল হক মিলন/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।