আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন-সমাবেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই আন্দোলনকারীকে গুলি করে হত্যার মামলার আসামি নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফ হোসেনকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নুরালাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এসময় গুলিতে সুমন ও শাওন নামে দুই আন্দোলনকারী নিহত হন। এছাড়া ১৯ জুলাই আনন্দী চৌরাস্তা এলাকায় হামলায় ছাত্রদল নেতা শান্ত নিহত হওয়ার ঘটনাতেও সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বক্তারা আরও বলেন, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিকের ঘনিষ্ঠ আত্মীয় এবং তার ছত্রছায়ায় থেকেই সে নির্বাচিত হন। চেয়ারম্যান হওয়ার পর থেকেই তিনি এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও সমাজসেবক নাছির উদ্দিন, বিএনপি নেতা মো. ইলিয়াছ, মো. জহিরুল ইসলাম প্রমুখ।

এলাকাবাসীর দাবি, হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও আরিফ হোসেন এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তাকে গ্রেফতার করা হচ্ছে না।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে আরিফ হোসেনকে গ্রেফতার করে নিহত সুমন, শাওন ও শান্ত হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সঞ্জিত সাহা/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।