প্রকল্প কর্মকর্তাকে মারধর, গণঅধিকারের কেন্দ্রীয় নেতা মামুন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩১ এএম, ১১ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুরে মামুনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয়ে রাতেও অফিস খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয় এবং পরে তা মারধরের ঘটনায় রূপ নেয়। এতে কর্মকর্তা ও অফিস সহকারী আহত হন।

এ ঘটনায় পিআইও নূরনবী ইসলাম রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালান।

এদিকে, ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তানভীর হাসান তানু/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।