খুলনা রেঞ্জ ডিআইজি
কনস্টেবল নিয়োগ আর্থিক লেনদেন-তদবিরের সুযোগ নেই
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেছেন, পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের সুযোগ নেই। সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। দালাল থেকে সতর্ক থাকতে হবে। খুলনা রেঞ্জে পুলিশ কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
বুধবার (১৫ এপ্রিল) খুলনা রেঞ্জ অফিসে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় কনস্টেবল পদে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যা নিয়োগ প্রক্রিয়াকে অত্যন্ত প্রতিযোগিতামূলক করে তুলেছে।
তিনি আরও বলেন, কোনো দালাল চক্র বা অসাধু ব্যক্তির মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক থাকতে হবে। এই সময় একটি চক্র গড়ে উঠে। তারা প্রার্থীদের থেকে কৌশলে অর্থ হাতিয়ে নেয়। এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে অবগত করার জন্য তিনি জানান।
এদিকে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান ডিআইজি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি জোড় দিয়ে বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল ডিআইজি (অর্থ ও প্রশাসন) তোফায়েল আহাম্মেদ, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দিন, রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহমান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।
আরিফুর রহমান/এনএইচআর/জেআইএম