কালবৈশাখীতে বসতঘরের ওপর গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে আরাফাতুন (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) গভীর রাতের এই ঝড়ে জেলার আত্রাই, রানীনগরসহ কয়েকটি উপজেলায় শতাধিক ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিহত আরাফাতুন আত্রাই নদীর তীরে বসবাসরত একটি বেদে পরিবারের সদস্য এবং তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ জানায়, রাত তিনটার দিকে শুরু হওয়া তীব্র ঝড়ে একটি বিশাল ইউক্যালিপটাস গাছ তার অস্থায়ী ঘরের ওপর উপড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা পুলিশের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।

এ বিষয়ে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সরকারি সহায়তা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহত নারীর পরিবারকেও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

আরমান হোসেন রুমন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।