ধামরাইয়ে সেতুর পাটাতনের ফাঁকে পা আটকা নারীর, উদ্ধারে ফায়ার সার্ভিস

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৯ এপ্রিল ২০২৬
স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়/ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাই উপজেলায় একটি বেইলি সেতুর লোহার পাটাতনের ফাঁকে এক নারীর পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার শরিফবাগ এলাকায় অবস্থিত বেইলি সেতুতে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম স্বপ্না বেগম (৫০)। তিনি শরিফবাগএলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে ওই নারী শরিফবাগ এলাকার বেইলি সেতুটি হেঁটে পার হচ্ছিলেন। এ সময় সেতুর ক্ষতিগ্রস্ত একটি পাটাতনের ফাঁকে তার এক পা ঢুকে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তার পা বের করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

উপজেলার স্বর্ণখালী এলাকার বাসিন্দা এসআই আশরাফুল বলেন, প্রায় প্রতিদিন এই সেতুতে অটোরিকশা ও সিএনজির চাকা আটকে যায়। ছোট দুর্ঘটনার পাশাপাশি মাঝারি দুর্ঘটনাও ঘটে। স্ট্যান্ডিং পয়েন্টে পাটাতন নেই। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ যন্ত্রপাতির (হাইড্রোলিক স্প্রেডার) সাহায্যে লোহার পাতটি কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই নারীর পা নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধারের পর ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে তিনি সুস্থ আছেন।

এমএআরএন/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।