বুড়িমারীতে ভারতের সহকারী হাইকমিশনার, ভিসা জটিলতা নিরসনের আশ্বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৩ মে ২০২৬

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে তিনি এ সীমান্ত বন্দর পরিদর্শনে যান।

এসময় তিনি দু’দেশের বাণিজ্যিক কার্যক্রমের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে আশ্বাস দেন।

বন্দর পরিদর্শনে গেলে শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সহকারী হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পরে তিনি বুড়িমারী স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শুল্ক স্টেশন কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বৈঠকে দু’দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনা শেষে শ্রী মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানির ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে, তা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি-রপ্তানি চালু আছে অথচ বুড়িমারীতে নিষেধাজ্ঞা রয়েছে, তা নিরসনে আমরা কাজ করব।

এছাড়া বিজনেস ভিসাসহ সব ধরনের ভিসা জটিলতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দেন ভারতের এই সহকারী হাইকমিশনার। বৈঠকে দু’দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সুবিধা-অসুবিধাগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, ভারত ও ভুটান থেকে যেসব পণ্য অন্যান্য বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয় কিন্তু বুড়িমারী দিয়ে হয় না, সে বিষয়ে তারা হাইকমিশনারকে বিস্তারিতভাবে অবগত করেছেন।

সার্বিক বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার বন্দর পরিদর্শনে এসেছিলেন। এসময় বন্দরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

মহসীন ইসলাম শাওন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।