কালেকশনের টাকা নিয়ে উধাও ডেলিভারি কর্মী, পাল্টাপাল্টি অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সজলের বাবা ও প্রতিষ্ঠানের মালিক থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।
জানা গেছে, সজল উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের শফিক শেখের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় দ্বীন মোহাম্মদ সাচ্চুর ডিলারশীপের ব্যবসা আছে। তিনি এসিআই গ্রুপের টিস্যুসহ অন্যান্য পণ্যের ডিলার। সেখানে সজল শেখ ডেলিভারি ম্যান হিসেবে দীর্ঘদিন কর্মরত রয়েছেন।
২৯ এপ্রিল সকাল ৯টার দিকে সজল ডিলার পয়েন্ট থেকে ভ্যানে মাল নিয়ে বিভিন্ন দোকানে ডেলিভারি করে এবং নগদ টাকা কালেকশন করে। এরপর রাত সাড়ে ৮টার দিকে তার মোবাইল নম্বারটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সজলকে পাওয়া যায়নি। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক থেকে ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) সকালে ডিলার পয়েন্টের মালিক দ্বীন মোহাম্মদ সাচ্চু বলেন, ৭ এপ্রিল রাত ১০টার দিকে সজল জানান কুষ্টিয়া-রাজাবাড়ী সড়কের জিলাপীতলা থেকে ছিনতাইকারীরা তাকে মারধর করে ৮৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় ৯ এপ্রিল থানায় অজ্ঞাত আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়। কয়েকদিন আগে ওই অভিযোগের তদন্ত করে দেখা গেছে ছিনতাইয়ের ঘটনা সজলের সাজানো ছিল।
সজলের বাবা শফিক শেখ বলেন, ছেলেকে ক্ষতির উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। এর আগে ৭ এপ্রিল রাতে ছেলেকে মারধরের পর তার কাছে থাকা নগদ প্রায় ৮০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।
প্রতিষ্ঠানের মালিক দ্বীন মোহাম্মদ সাচ্চুর অভিযোগ, সজল বাজারের কালেকশনের প্রায় ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন। এর আগে ৭ এপ্রিল ছিনতাইয়ের নাটক সাজিয়ে প্রায় ৮৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে মনে হচ্ছে ভিকটিম স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধারের পর সব কিছু নিশ্চিত হওয়া যাবে।
আল-মামুন সাগর/এনএইচআর/এমএস