রাতে দেশে ফিরে সকালে প্রাণ গেলো প্রবাসীর
প্রবাস জীবনের ক্লান্তি শেষে বুকভরা আশা নিয়ে দেশে ফিরেছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বাসিন্দা আনু বিশ্বাস (৪০)। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন ছিল তার। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! দেশের মাটিতে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই চিরবিদায় নিতে হলো তাকে।
শুক্রবার (১ মে) সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয় আনু বিশ্বাসের।
আনু বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা কাদের বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অসুস্থতার কারণে ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন। ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে কোরবানির ঈদ করবেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতেই বাড়িতে পৌঁছান আনু। কিন্তু সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দারিয়াপুর নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
আনু বিশ্বাসের স্ত্রী তন্নী খাতুন বলেন, ‘অনেক টাকা-পয়সা খরচ করে আমার স্বামী বিদেশে গিয়েছিলেন। দেশে ফিরে সকালে অসুস্থ হয়ে মারা গেলেন। এখন আমার পরিবারের কী হবে, আমাদের কে দেখবে?’
মিনারুল ইসলাম জুয়েল/এসআর/এএসএম