ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৩ মে ২০২৬
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ মাস ও ১০ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন মঙ্গলবার (১২ মে) বিকেলে ও অন্যজন বুধবার (১৩ মে) সকালে মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলা থেকে এক শিশু গত সোমবার (১১ মে) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয় ও চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যায়। অন্যজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে গত ৫ মে সকালে হাসপাতালে ভর্তি হয় ও চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যায়।

বুধবার সকালে হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, হাম আক্রান্ত রোগীর চাপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ৯৬ জন রোগী ভর্তি রয়েছেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

হাসপাতালের তথ্য মতে, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত মোট ১ হাজার ২৯৩ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৬৩ জন। একই সময়ে মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।