মাহ্দী আমিন

ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে দেশের বাইরে বড় প্রতিক্রিয়া হয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১০ মে ২০২৬

কোনো ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ দেখা দিলে দেশের বাইরেও তার বড় প্রতিক্রিয়া হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন।

তিনি বলেছেন, গত ঈদের সময় মাননীয় প্রধানমন্ত্রী প্রতি রাতেই আপডেট নিয়েছেন যেন কোনো শ্রমিক বঞ্চনার শিকার না হন। এমনকি শ্রমমন্ত্রী মালিকদের বাড়িতে গিয়ে শ্রমিকদের পাওনা নিশ্চিত করেছেন। এটিই এই সরকারের রাষ্ট্র পরিচালনার মূল নীতি। গত ঈদুল ফিতরে সকলের প্রচেষ্টায় আমরা সফল হয়েছি; এবারও সফল হবো।

রোববার (১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

মাহ্দী আমিন বলেন, শ্রমবান্ধব রাজনৈতিক দল রাষ্ট্রীয় পরিচালনায় রয়েছে। আমরা একদিকে যেমন কর্মসংস্থান তৈরিতে রাষ্ট্রীয় সহযোগিতা দিচ্ছি, তেমনি জবাবদিহিতার সংস্কৃতিও তৈরি করতে চাই। শ্রমিক ভাই-বোনেরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেটিই আমাদের লক্ষ্য।

উপদেষ্টা বলেন, গত ঈদের সময় বেশ কিছু ঘটনা ঘটানোর উদ্দেশ্য থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা সফল হয়নি। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এবারের ঈদুল আজহাতেও সুন্দর পরিবেশ বজায় রাখতে পারবো।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দ।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।