নরসিংদীতে ট্রাক উল্টে ৩ জন নিহত


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৮ জানুয়ারি ২০১৫

নরসিংদীতে সবজিবাহী এক ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার চৈতাব নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাত্তার (৫০), ইয়াছিন (৪৩) ও সরল (৪৭)। তারা তিনজনই সবজি ব্যবসায়ী। তাদের বাড়ি শিবপুরের ঘাশিদীয়া।
পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর উপজেলা থেকে সবজি নিয়ে (যশোর ট-০২-০৪৪৭) একটি ট্রাকে করে তিন ব্যবসায়ী ঢাকা কারওয়ান বাজারে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চৈতাব নামক পৌঁছালে ট্রাকের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এসময় ট্রাকের মালের ওপর বসে থাকা তিন ব্যবসায়ী সবজির নিচে চাপা পরে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
নরসিংদীর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম কাসেম ঘটনার সত্যতা নিশ্চত করেন।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।