তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো. ইব্রাহিমের স্থলে সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি মামলার যাবতীয় কাগজপত্র বুঝে নেন বলে জানা গেছে।
রাত ৯টায় মুঠোফোনে নতুন তদন্তকারী কর্মকর্তা এএসপি জালাল উদ্দীন আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, আগের কর্মকর্তা গাজী ইব্রাহিম অসুস্থ, তাই আমাকে তনু হত্যা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। মামলার রহস্য উদঘাটনে তিনি সর্বাত্মক চেষ্টা চালাবেন বলে জানান।
জানা যায়, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউজ এলাকার একটি জঙলে কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে ২১ মার্চ কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত ঘাতকদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কিন্তু এ হত্যাকাণ্ডের ৫ মাস পূর্ণ হলেও এ পর্যন্ত ঘাতকদের শনাক্ত বা আসামি গ্রেফতারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
সিআইডি সন্দেহভাজনসহ সামরিক-বেসামরিক অর্ধশতাধিক ব্যক্তির সাক্ষাৎকার নিলেও হত্যাকাণ্ডের সঙ্গে শনাক্ত বা গ্রেফতার হয়নি। এছাড়া এ হত্যার রহস্য উদঘাটন বা ডিএনএ নমুনায় তিন ধর্ষণকারীর শুক্রাণু পাওয়া গেলেও ডিএনএ নমুনা ম্যাচিং কার্যক্রমও শুরু করতে পারেনি সিআইডি।
সিআইডি-কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান বদলীর পর গত ২৫ জুলাই এ পদে যোগদান করেন শাহরিয়ার রহমান। তিনি তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলার সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের গ্রেফতারে তাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে সিআইডির আর কোনো তৎপরতা দেখা যায়নি।
এর আগে গত ৪ এপ্রিল ও ১২ জুন দুই দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়া, সন্দেহভাজন ব্যক্তিদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার পরিবর্তন হলো মামলার তদন্তকারী কর্মকর্তা।
এদিকে, তনু হত্যার মামলার তদন্তকারী কর্মকতা পরিবর্তনের খবর শুনে রাতে তনুর মা আনোয়ারা বেগম মুঠোফোনে জাগো নিউজকে জানান, ঘটনার পাঁচ মাস অতিবাহিত হলেও এখনো মামলার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।
তিনি আরো বলেন, যাকেই তদন্তকারী কর্মকর্তা দেয়া হোক এ নিয়ে আমাদের আপত্তি নেই। আমরা চাই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের যেনো শনাক্ত করে তাদের বিচার করা হয়।
কামাল উদ্দিন/এআরএ/পিআর