রাজশাহী ও রংপুর বিভাগে হরতাল চলছে


প্রকাশিত: ০২:০৩ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। বুধবার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা আসাদুল্লাহ তুহিন নিহত হওয়ার প্রতিবাদে রাজশাহী বিভাগে হরতাল ডেকেছে শিবির। জেলা শিবিরের সভাপতি আবু বাক্কার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোরে চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে আটক আসাদুল্লাহ তুহিন গাড়ি থেকে লাফিয়ে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় নিহত হন।

এটাকে হত্যাকাণ্ড দাবি করে এ হরতালের ডাক দিয়েছে শিবির। আসাদুল্লাহ তুহিন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চকপাড়া মহল্লার এমাদুল হকের ছেলে।

অপরদিকে রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমিরসহ তিনকর্মী নিখোঁজ হওয়ার প্রতিবাদ ও নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুর বিভাগে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াত।
 
মঙ্গলবার রাতে মহানগর জামায়াতের প্রচার ও অফিস সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ হরতাল কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জানুয়ারি মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আলামিন, তার স্ত্রী বিউটি বেগম ও জামায়াতের নারী সদস্য মৌসুমি বেগমকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ি থেকে ধরে নিয়ে যায়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।