ভাতিজিকে হত্যার দায়ে চাচার ফাঁসি


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬
প্রতীকী ছবি

কুমিল্লায় ভাতিজিকে হত্যার দায়ে চাচা আবদুল কাদেরের (২৫) ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আবদুল কাদের জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের লিলু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০০৫ সালের ২৮ নভেম্বর জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর তেতাভূমি গ্রামের মো. আলমের মেয়ে সোনিয়া আক্তারকে (১০) তার আপন চাচা আবদুল কাদের পরিকল্পিতভাবে হত্যা করে।

পরে সোনিয়ার মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায়ভর্তি করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা কাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার পরদিন সোনিয়ার বাবা মো. আলম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় আবদুল কাদেরকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় আসামি আবদুল কাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের পাশাপাশি অর্থদণ্ডও করেন আদালত।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।