বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির মামলায় মীর নাছিরের জামিন


প্রকাশিত: ১২:২২ পিএম, ২৮ জানুয়ারি ২০১৫

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়েরকৃত মানহানির মামলায় সাবেক মন্ত্রী মীর নাছির উদ্দীনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিকের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বাদী হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাবেক মন্ত্রী মীর নাছির উদ্দীনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান সাংবাদিকদের জানান, মীর নাছির উদ্দীন উচ্চ আদালত থেকে গত ৬ জানুয়ারি চার সপ্তাহের জামিন নেন। আদালতের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।