বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে বিসিকবাসীর
গাজীপুর মহানগরীর টঙ্গী বিসিক শিল্প নগরীতে শনিবার সকালে ট্যাম্পাকো ফয়লস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে বিসিকবাসীর। ঘড়িতে তখন সময় সকাল পৌনে ৬টা। বিকট এক বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা।
এ বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায় প্রায় এক কিলোমিটার দূর থেকে। ছুটির দিনে হঠাৎ এমন বিকট শব্দে আঁতকে ওঠেন সবাই। অনেকে ভয়ে এদিক-সেদিক খোঁজ নিতে চেষ্টা করেন। আবার অনেকে বিস্ফোরণের উৎসস্থলের খবর নিতে থাকেন।
বিসিক শিল্প এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, সকাল পৌনে ৬টার দিকে বিকট বিস্ফোরণের শব্দে বাড়িটি কেঁপে ওঠে। এ সময় আশপাশের অনেক বাড়ি-ঘর কেঁপে ওঠে। ভয়ে অনেকে ঘর থেকে বেরিয়ে যান।
প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিন বলেন, সকালে ব্যায়াম করার জন্য বেরিয়েছি। তখন আমি ওই কারখানা থেকে আনুমানিক ৫০০ গজ দূরে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ধমকে দাঁড়াই। মুহূর্তে দুটি কান স্তব্ধ হয়ে যায়। তবে পরিষ্কারভাবে কিছু বুঝতে পারিনি। অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম সেখানে।
নিজাম উদ্দিন বলেন, কিছুটা স্বাভাবিক হয়ে দূরে তাকিয়ে দেখি আগুনের কুণ্ডলি এবং কালো ধোঁয়া। দ্রুত এগিয়ে আসার চেষ্টা করলে পর পর কয়েকটি বিস্ফোরণের কারণে আর সামনে এগোতে পারিনি।
পরে দূরে রেললাইনের ওপর দাঁড়িয়ে দেখতে পাই কারখানার চারতলা ভবনের উপর থেকে ১৫-২০ জন শ্রমিক তাদের বাঁচানোর জন্য আর্তনাদ করছে। তাদের ডাকে স্থানীয়রা শাবল ও বড় হাতুড়ি নিয়ে এগিয়ে গেলেও ধোঁয়া এবং আগুনের তাপের কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর চারতলায় আগুনের শিখা দেখতে পাওয়া যায়। পরে তাদের ভাগ্যে কি ঘটেছে তা জানি না।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, বিস্ফোরণের কারণে আশপাশের অনেক ভবনের জানালার গ্লাস ভেঙে যায়। ঘরের মধ্যে কাচের জিনিসপত্র মাটিতে পড়ে ভেঙে যায়। শিশুরা ভয়ে আঁতকে উঠে বাবা-মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে।
মো আমিনুল ইসলাম/এএম/আরআইপি