বন্ধুশিশুদের পাশে থাকার আশ্বাস


প্রকাশিত: ০৩:১৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৬

ছিন্নমূল ‘বন্ধুশিশু’দের পাশে থাকতে তাদের মাঝে বইখাতা দিয়ে লেখাপড়ায় সহযোগিতা করা এবং তাদের চিকিৎসা ও আবাসন ব্যবস্থায় সার্বিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন।

শুক্রবার কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির মাঠে (শহীদ দৌলত ময়দান) বন্ধুশিশুদের ঈদ আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
এসময় তিনি দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে ‘বন্ধুশিশু’ নামে সংগঠনের ব্যানারে শহরের ছিন্নমূল পথ শিশুদের সহযোগিতা দেয়া কক্সবাজারের সংবাদকর্মীদের ধন্যবাদ জানান।
 
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, সাংবাদিকদের এ ধরণের মহৎ কাজ সুন্দর আগামীর নির্দশন দেখায়। এ যাত্রায় তিনিও সামিল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।  ছিন্নমূল বন্ধুশিশুদের প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করবেন বলে কথা দেন।

‘বন্ধুশিশু’ সংগঠনের প্রধান সমন্বয়কারি সংবাদকর্মী ওমর ফারুক হিরু বলেন, দীর্ঘদিন ধরে দেখে আসছি ঝড়-বৃষ্টি, শীত-গ্রীষ্ম সবসময় রাস্তাতেই পথশিশুদের বসবাস। চলার পথে সবাই তাদের তুচ্ছ তাচ্ছিল্য করে। বাজে কথা বলে গালি দেয়। এসব দেখে ছিন্নমূল শিশুদেরও মূল স্রোতোধারার উপযোগী করে গড়ে তুলতে কক্সবাজারের একদল তরুণ সাংবাদিক  নিরবে কাজ শুরু করে।

তারা নিজেরাই প্রতি সপ্তাহে এসব শিশুদের পাঠদান, চিকিৎসা সেবা, শীত মৌসুমে গরম কাপড়ের ব্যবস্থা করা, স্বাধীনতাসহ নানা দিবসে অংশ নেয়া ও বিনোদনের জন্য পিকনিকসহ মাদক বিরোধী কর্মকাণ্ডে ভূমিকা রাখতে উৎসাহী করছে।  

স্বল্প আয়ের এসব সংবাদকর্মীরা নিজেদের সাধ্যমত ব্যয় করে এ সহযোগিতা করে আসছেন। তাই বন্ধুশিশুদের আবাসন নিশ্চিত করতে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন তিনি। তাদের সুচিকিৎসার ব্যবস্থার পাশাপাশি আত্মনির্ভরশীলতা অর্জনে উন্নয়নমূখী প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তাফা, কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার এইচ এম রায়হান কাজেমী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল ও কক্সবাজার শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসিম উদ্দিন বকুল।

অনুষ্ঠানে প্রায় ১শ বন্ধুশিশু অংশ নিয়ে নেচে গেয়ে ভোজনের মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করে।

উল্লেখ্য, শুরু থেকে এই সংগঠনের নাম ছিল ‘আমরা পথশিশু’। পরে কক্সবাজার শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিম উদ্দিন বকুলের সহযোগিতায় এই নামটি পরিবর্তন করে ‘বন্ধুশিশু’ রাখা হয়।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।