গর্জনিয়ার তিন ব্যবসায়ী অপহৃত : মুক্তিপণ দাবি


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের রামুর গর্জনিয়ার তিন ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়েছে।

অপহৃতরা হলেন, রামুর গর্জনিয়া ইউনিয়নের জোরছরা এলাকার ফারুক আহমদের ছেলে আবদুল হামিদ (৪০), একই এলাকার মুহাম্মদ হাসানের ছেলে আবদুল নবী (৩৫), একই ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকার মকবুল আহমদের ছেলে শামসুল আলম (৩৬)।

শনিবার রাতে নাইক্ষ্যাংছড়ির বাইশারীর পাহাড়ি এলাকা আলিক্ষং ৮১ মৌজা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

বাইশারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ আলম বলেন, শনিবার রাতে বাইশারীর আলীক্ষং মৌজার হায়দার ঝিরি এলাকা থেকে তিনজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। হামিদ, আবদুল তামাক চাষ উপলক্ষে ওই এলাকায় নিয়মিত আসা-যাওয়া করতো। আর শামসুল কলা কিনতে তাদের সঙ্গে গিয়েছিল। ফেরার পথে তারা অপহরণের শিকার হয়। অপহৃতদের পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) আবু মুছা বলেন, যে এলাকায় অপহরণ করা হয়েছে তা অতি দুর্গম। থানা থেকে ৪০ ও বাইশারী থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। অপহৃতদের কাছ থেকে পালিয়ে আসা একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাইক্ষ্যাংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।