বেনাপোলে ৩ ঘণ্টা বন্ধ ছিল সব কার্যক্রম
সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্সের বিন লক ও এক কর্মচারীর কাস্টমস সরকার পারমিট বাতিলের প্রতিবাদে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন। ফলে কাস্টমস হাউজ ও বন্দরে এ সময় কোনো কার্যক্রম হয়নি। বন্ধ ছিল আমদানি-রফতানি বাণিজ্য।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিঅ্যান্ডএফ স্টাফদের ডাকে এ কর্মবিরতি পালন করা হয়। এদিকে মঙ্গলবার এ ঘটনায় বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন জরুরি সভার আয়োজন করেছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির হোসেন জানান, বেনাপোল বন্দর থেকে সরকারকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায়ে প্রধান ভূমিকায় রয়েছে সিঅ্যান্ডএফ স্টাফরা। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষের কাছে তাদের কোনো সম্মান নেই। আমদানিপণ্য ছাড় করানোর কাজে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্নভাবে তাদের হয়রানি ও নাজেহাল হতে হয়। এসব অন্যায়ের প্রতিবাদ করায় একটি লাইসেন্সের বিন লক ও তাদের এক কর্মচারীর কাস্টমস সরকার পারমিট বাতিল করে। তাদের বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ আনে। এর প্রতিবাদে এ কর্মবিরতি ডাকা হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিন জানান, ওই সিঅ্যান্ডএফ কর্মচারী অনিয়ম করে শুল্ক ফাঁকির চেষ্টা করছিলেন। তার কাজে সহযোগিতা না করায় আমিরুল ইসলাম নামে কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে তিনি মারধর ও লাঞ্ছিত করেন। এতে ওই সিঅ্যান্ডএফ স্টাফ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুদির আহম্মেদ জানান, সিঅ্যান্ডএফ স্টাফরা কাজ না করাতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এপথে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ১২টার পরে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে।
এদিকে, ঈদের ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবার কাজ বন্ধ হয়ে পড়ায় বন্দরে পণ্যজট আরো বাড়ছে।
মো. জামাল হোসেন/বিএ