জুতার ভেতর লুকানো ইয়াবাসহ মিয়ানমারের দুই নারী আটক


প্রকাশিত: ১১:৩৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

অভিনব পন্থায় জুতার ভেতর লুকিয়ে পাচারকালে কক্সবাজারের টেকনাফে ২৪ লাখ ১৭ হাজার ৪০০ টাকা মুল্যের আট হাজার ৫৮ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নারীকে আটক করেছে বিজিবি।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্যাচ্চার খালের কেওড়া বাগান এলাকা দিয়ে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মিয়ানমারের মংডু শহরের বাসিন্দা গোলজার বেগম (৪৫) এবং হোছনে আরা বেগম (৩৫)।

টেকনাফ বিজিবি-২ ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালানসহ রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এমন খবরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে হ্যাচ্চার খালের কেওড়া বাগানে অবস্থান নেয় বিজিবি জোয়ানরা।

yaba
এর ঘণ্টাখানেক পর সীমান্ত পার হয়ে অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের দু’নারী নাগরিককে আটক করা হয়। পরবর্তীতে তাদের পায়ের জুতার ভেতর লুকিয়ে অভিনব কৌশলে আনা ৮ হাজার ৫৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অবৈধ অনুপ্রবেশ এবং মাদক বহন করার দায়ে আটক মিয়ানমার দুই নারীকে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।