মহেশখালীতে প্রেমিক জুটির আত্মহত্যা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পরকীয়ায় বাধা দেয়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক যুগল। বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামে নবাব মিয়ার মেয়ে ও সৌদি প্রাবাসী অলি আহম্মদের স্ত্রী শারমিনা আকতার (২৮) এবং একই এলাকার বাচা মিয়ার ছেলে কালা চাঁদ (৩০)।
স্থানীয় সূত্র জানায়, স্বামী প্রবাসে থাকার সুযোগে দীর্ঘদিন ধরে শারমিনার সঙ্গে একই এলাকার কালা চাঁদের পরকীয়ার সম্পর্ক চলছিল। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই নারীর ভাই ও গ্রামের লোকজন দুই জনকেই নানাভাবে চাপ দেয়। বিভিন্ন সময় তাদের মারধরও করা হয়।
পরে আজ ভোরে বাড়ির সিলিংয়ে ফাঁস দিয়ে একইসঙ্গে আত্মহত্যা করেন দুইজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, কালারমারছড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
সায়ীদ আলমগীর/এফএ/এবিএস