বেনাপোলে পুড়ে যাওয়া শেড পরিদর্শন করলেন নৌমন্ত্রী


প্রকাশিত: ০১:০৯ পিএম, ০২ অক্টোবর ২০১৬

নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর। বর্তমান সরকার বেনাপোল বন্দরে যথেষ্ট উন্নয়ন করেছে। রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে। বন্দরের অনেক শেড নির্মাণ করা হয়েছে। কেমিক্যালসহ বিভিন্ন পণ্য এই শেডে রাখা হয়েছে, সেগুলো এমন অবস্থায় এসে পৌঁছেছে যে আমাদের এখানে মাল রাখার জায়গাও নেই।

খোলা আকাশের নিচে অনেক মালামাল পড়ে আছে। জায়গার অভাবে বন্দরের পরিধি বাড়ানো যাচ্ছে না। তারপরও চেষ্টা করা হচ্ছে বন্দরের পরিধি বাড়ানোর।  
 
রোববার বিকেল ৩টার দিকে আগুনে পুড়ে যাওয়া বেনাপোল স্থলবন্দরের ২৩নং শেড পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। হেলিকপ্টারে করে শার্শা স্টেডিয়ামে এসে পৌঁছানোর পর তিনি সড়ক পথে বেনাপোল বন্দরে আসেন।

এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে চার সদস্যের এক কমিটি গঠন করা হয়। তবে কবে নাগাদ তদন্ত রিপোর্ট পাওয়া যাবে সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।   

মন্ত্রী বলেন, বেনাপোল বন্দরের অগ্নিকাণ্ডের কারণ বা উৎস কি তা তদন্ত না করে বলা যাবে না। কেমিক্যাল না শর্ট সার্কিট না অন্য কিছু সেটা তদন্তের পর জানা যাবে। আগুন লাগার পরপরই ঢাকায় বসে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি দেখবেন। আমদানিকৃত পণ্যের ইন্স্যুরেন্স করা আছে। তাদের ইন্স্যুরেন্সের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে। স্থানীয় ব্যবসায়ী ও আগুন নির্বাপণ করতে ভারত থেকে আসা ফায়ার সার্ভিসকেও ধন্যবাদ জানান তিনি।   

মন্ত্রীর সঙ্গে ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, নৌ-পরিবহন সচিব অশোক মাধব রায়, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঞ্জু, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

জামাল হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।