গাজীপুরে সাত শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

গাজীপুর মহানগরীর কাশিমপুরের বারেন্ডা এলাকায় অভিযান চালিয়ে সাত শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বেলা ১১টা বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় অভিযান পরিচালিত হয়। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানি কালিয়াকৈরের চন্দ্রা বিতরণ কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

চন্দ্রা বিতরণ কেন্দ্রের ব্যবস্থাপক মো. সুরুজ আলম জানান, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভাড়েন্ডা এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ব্যাসের প্রায় দেড় কিলোমিটার এলাকায় সংযোগ পাইপ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। এতে এলাকার সাত শতাধিক বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়। এছাড়া অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় অন্যান্যদের মধ্যে তিতাস গ্যাস চন্দ্রা বিতরণ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মো. সফিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপক আরিফ মাহমুদ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।