বরিশালে ট্রাকে পেট্রলবোমা হামলায় নিহত ৩
বরিশালের গৌরনদী উপজেলায় একটি পোলট্রি ফিডবোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাত সোয়া ৫টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন ট্রাকচালক ইজাজুল, চালকের সহকারী মুন্নু ও চালকের শ্বশুড়। এদের মধ্যে চালকের শ্বশুড়ের নাম জানা যায়নি। ইজাজুল ফরিদপুর জেলার বদরপুর গ্রামের বাসিন্দা। আর মুন্নু ফরিদপুরের মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা।
বরিশালের পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলার আশকাঠি হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার ভোরে মাহিলাড়া বাসস্ট্যান্ড অতিক্রমকালে বরিশালগামী পোলট্রি ফিশবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে ট্রাকচালক, হেলপার ও চালকের শ্বশুড় মারা যান।
দুর্ঘটনা কবলিত ট্রাকের মালিক দুলাল মিয়ার ছেলে রিপন মিয়া জানান, ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৫৯৩২৬) পোল্ট্রি ফিড নিয়ে গাজীপুরের বাঘেরবাজার থেকে বরিশাল আসছিল।
ট্রাকে চালক, সহকারী ছাড়াও চালকের শ্বশুড় ছিলেন। নিহতদের মরদেহ সনাক্ত করতে রিপন মিয়া ফরিদপুর থেকে গৌরনদীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান তিনি।
বিএ/এমএস